মাগুরা প্রতিদিন: মাগুরায় ৪ হাজার পিস ইয়াবা, নগদ ৬ লাখ টাকা, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, একটি ওয়াকিটকি ও একটি স্টিলের লকার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দীপ্ত কুমার বিশ্বাস (৩২) নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে মাগুরা সদর উপজেলার কুকনা এশিয়া মহিলা কলেজ এলাকার পুরোনো হোস্টেলের পেছনে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সম্পা দাস (৩২) ও পূর্ণিমা রানী বিশ্বাস (৫৫)। তাঁরা ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের বাসিন্দা। সম্পা দাসের কোলে তিন মাসের একটি শিশুকন্যা রয়েছে।
পুলিশের ভাষ্য, দীপ্ত কুমার বিশ্বাসের ভাড়া বাসায় থাকা একটি স্টিলের লকার থেকে ২০টি নীল জিপার পলিতে রাখা ৪ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির ৬ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে সম্পা দাসকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাসার সামনে থেকে একটি প্রাইভেট কার ও নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া একটি ওয়াকিটকিও জব্দ করা হয়।
এই চক্রটি দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়ে মাদক পরিবহন করতেন বলে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে।
পুলিশ জানায়, মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, গ্রেপ্তার দুই নারী জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য বলে জানিয়েছেন। তাঁরা পলাতক দীপ্ত কুমার বিশ্বাসের সঙ্গে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।