মাগুরা প্রতিদিন : মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল দেওয়ার ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ঘটনার পর ভুক্তভোগী গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার সকাল পৌনে ১১টার দিকে মাগুরার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের ভুক্তভোগী গ্রাহক আলোয়া খাতুনের মোবাইল নম্বরে ফোন করে কথা বলা হয়। ভুক্তভোগী গ্রাহক জানান, সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে তাঁর মোবাইলে ফোন আসে এবং অস্বাভাবিক এই বিদ্যুৎ বিলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, কম্পিউটারে ‘মিস টাইপিং’-এর কারণে মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের গ্রাহক মোছা. আলোয়া খাতুনের সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলটি অস্বাভাবিকভাবে তৈরি হয়। বিলে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট ঠিক থাকলেও পরিশোধযোগ্য অর্থ হিসেবে উল্লেখ করা হয় ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকা। অথচ ওই গ্রাহকের প্রকৃত বিল হওয়ার কথা ছিল মাত্র ১ হাজার ৯৬৩ টাকা।
এ বিষয়ে মঙ্গলবার গ্রাহক পল্লী বিদ্যুৎ সমিতির কাছে অভিযোগ করলে সমিতির পক্ষ থেকে ভুল সংশোধন করে নতুন বিল দেওয়া হয়। পরে গ্রাহক সংশোধিত বিল অনুযায়ী ১ হাজার ৯৬৩ টাকা পরিশোধ করেন। এদিকে অস্বাভাবিক এই বিলের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা কর্তৃপক্ষের নজরে আসে। এর জেরে বুধবার মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে যশোর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।