মাগুরা প্রতিদিন: মাগুরার শালিখা উপজেলার সেওজগাতী গ্রামের গৃহবধূ সুইটিকে আড়পাড়া বাজারে মারধর করে কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ৪-৫ যুবকের বিরুদ্ধে।
তবে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি পাল্টে যায়। হামলাকারীরা বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার পর সুইটি দাবি করেছেন, এমন কোনো ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার সকালে সুইটি আড়পাড়া বাজারে গেলে কয়েকজন যুবক তাকে মারধর করে কানের দুল ছিনিয়ে নেয়—এমন অভিযোগের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রচারের পর অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এরপর সুইটি ঘটনার সত্যতা অস্বীকার করেন।
তবে বৃহস্পতিবার রাতে সুইটির স্বামী দীপঙ্কর বিশ্বাস ভিন্ন বক্তব্য দেন। তিনি জানান, তার মা বসুমতি বিশ্বাসের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে তার স্ত্রীকে লোকজন দিয়ে মারধর করা হয়েছে বলে তিনি ধারণা করছেন।
একই ঘটনায় ভুক্তভোগীর বক্তব্য পরিবর্তন এবং স্বামীর ভিন্ন অভিযোগে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ভিডিওতে ধারণ করা ঘটনার সত্যতা, হামলার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত—তা তদন্তের মাধ্যমে পরিষ্কার হতে পারে।
ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।