মাগুরা প্রতিদিন: রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তাঁকে এ নির্দেশ দেওয়া হয় বলে সরকারসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে রাত পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
শনিবার গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে অভিযানে নামেন ইশরাক। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এতে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি তৈরি হয়।
ইশরাকের দাবি, সম্ভাব্য হামলার আশঙ্কায় আত্মরক্ষার জন্য তিনি লাইসেন্স করা অস্ত্র প্রদর্শন করেন। অভিযানে কয়েকটি মাদকের আস্তানা উচ্ছেদ, ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার কথাও জানান তিনি।