মাগুরা প্রতিদিন: মাগুরার শ্রীপুরে অতিরিক্ত মদ্যপানের পর অসুস্থ হয়ে বিধান বিশ্বাস (২২) ও আলমগীর লস্কর (৩৮) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
নিহত বিধান বিশ্বাস শ্রীপুর উপজেলার মালদা গ্রামের বিনয় বিশ্বাসের ছেলে। আলমগীর লস্কর একই উপজেলার বাখেরা মকদমখোলা গ্রামের আজম লস্করের ছেলে।
স্বজনদের বরাতে জানা গেছে, বুধবার বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সার্বজনীন পূজামণ্ডপ এলাকায় আয়োজিত মেলায় যান বিধান ও আলমগীর। সেখানে বন্ধুদের সঙ্গে তারা অতিরিক্ত মদ্যপান করেন। পরে রাতে বাড়ি ফিরে দুজনই অসুস্থ হয়ে পড়েন।
নিহতের স্বজনেরা জানান, চিকিৎসা ছাড়াই তারা বাড়িতে অবস্থান করছিলেন। একপর্যায়ে তাদের শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বিধানকে এবং শুক্রবার সকাল ৭টার দিকে আলমগীরকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান জানান, দুজনকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া জানান, অতিরিক্ত কিংবা বিষাক্ত মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।