মাগুরা প্রতিদিন : রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে মাগুরার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবু জাহিদ টোকনের (৮৫) দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর মাগুরা শহরের নোমানী ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদস্য সচিব মো. ওয়ালিদুজ্জামান, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। জানাজা শেষে তাঁকে মাগুরা পৌর কবরস্থানে দাফন করা হয়।
এর আগে মাগুরা সদর উপজেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ পর্বে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা ভূমি কর্মকর্তা আসমা আকতার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু বকর।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবু জাহিদ টোকন পূর্ববঙ্গ আইন পরিষদের প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্য একাত্তরের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ আতর আলীর বড় ছেলে।
শুক্রবার ভোরে মাগুরা শহরের ইসলামপুর পাড়ায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জেলার বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।