আজ, বৃহস্পতিবার | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৯

ব্রেকিং নিউজ :

মাগুরায় সিঁদুর খেলা শেষে প্রতিমা বিসর্জনে দুর্গাকে বিদায়

মাগুরা প্রতিদিন : মাগুরায় বিজয়া দশমীতে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

বুধবার জেলার বিভিন্ন পূজামণ্ডপে বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিঁদুর খেলার আয়োজন করা হয়। এরপর প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের করেন ভক্তরা। শোভাযাত্রা শেষে নির্ধারিত জলাশয়ের ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

বিজয়া দশমীর পূজার আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় দেবীবরণ ও সিঁদুর খেলা। এ সময় বিবাহিত নারীরা দেবী দুর্গার কপাল ও পায়ে সিঁদুর দেন এবং মিষ্টিমুখ করান। পরে তাঁরা একে অপরের কপাল, মুখ ও সিঁথিতে সিঁদুর পরিয়ে সিঁদুর খেলায় অংশ নেন। এ সময় পূজামণ্ডপগুলোতে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সিঁদুর খেলা শেষে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নেওয়া হয়। পরে ভক্তরা দল বেঁধে শোভাযাত্রা নিয়ে প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে ঘাটে যান। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

পূজারিরা জানান, দুর্গাপূজার দিনগুলো তাঁরা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে কাটিয়েছেন। বিজয়া দশমীতে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। এ সময় আনন্দের পাশাপাশি দেবীকে বিদায় জানানোর বিষাদও অনুভব করেন তাঁরা।

মাগুরা পৌরসভার কলকলিয়া পাড়ার শ্রাবন্তি দাস নামে এক ভক্ত বলেন, “পূজার দিনগুলো কেটেছে আনন্দে। বিসর্জনের পর মণ্ডপ এখন ফাঁকা হলেও রেখে গেল সম্পর্কের টান, হৃদয়ের আনন্দ আর ‘আসছে বছর আবার হবে’র এক বছরের অপেক্ষা। মায়ের কাছে চাওয়া সবাই যেন নিরাপদে থাকে।”

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology