মাগুরা প্রতিদিন: মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নামে একটি মিছিল বের হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার দুপুরের পর থেকে ভিডিওটি ফেসবুকে বিভিন্ন ব্যক্তির আইডি থেকে ছড়িয়ে পড়তে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, ‘দক্ষিণ মাগুরা ছাত্রলীগ’ নামে বের হওয়া মিছিলটিতে অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখে কালো মাস্ক ছিল। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে স্লোগান দেওয়ার দৃশ্যও রয়েছে।
তবে মিছিলটি কখন, কার উদ্যোগে এবং দক্ষিণ মাগুরার ঠিক কোন এলাকা থেকে বের করা হয়েছে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
দক্ষিণ মাগুরা হিসেবে পরিচিত মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর, গোপালগ্রাম, কুচিয়ামোড়া ও বেরইলপলিতা ইউনিয়নের স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেও মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর জড়িতদের পরিচয় শনাক্ত ও মিছিলের বিষয়ে তথ্য সংগ্রহে পুলিশ তৎপর রয়েছে বলে জানা গেছে।