মাগুরা প্রতিদিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বিএনপি প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তাদের বিজয়ী ঘোষণা করেন।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই আসনের ৩০১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাতেই গণনা সম্পন্ন হয়।
মাগুরা-১ আসনে মোট কেন্দ্র ছিল ১৫৬টি এবং সবকটি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মো. মনোয়ার হোসেন খান (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৩৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মতিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৯ হাজার ৬৮২ ভোট।
অন্যদিকে মাগুরা-২ আসনে মোট ১৪৫টি কেন্দ্রের সবগুলোর ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট।
তার প্রতিদ্বন্দ্বী মো. মুশতারশেদ বিল্লাহ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে বেসরকারিভাবে দুই আসনেই বিএনপি প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে।