মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখা উপজেলায় বসতঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল পাটোয়ারী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকাল ৫টার দিকে তালখড়ি ইউনিয়নের উজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল পাটোয়ারী ওই এলাকার মৃত সাত্তার পাটোয়ারীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বাবুল পাটোয়ারী ছোটবেলা থেকেই মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। তবে তিনি স্বাভাবিকভাবেই পারিবারিক কাজকর্ম করে আসছিলেন। বুধবার বিকেলে তার ঘরের বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দিলে তিনি কাউকে কিছু না জানিয়ে নিজেই তা মেরামতের চেষ্টা করেন। এ সময় বিদ্যুতের শর্ট সার্কিটে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে শালিখা থানা সূত্রে জানা গেছে।