মাগুরা প্রতিদিন: সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাগুরার শালিখা উপজেলায় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার প্রকৃত কৃষকদের একটি হালনাগাদ তথ্যভাণ্ডার তৈরি করা হবে। ভবিষ্যতে সরকারি কৃষি প্রণোদনা, কৃষি যন্ত্রপাতি, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, ভর্তুকি, উন্নত বীজ, সার ও অন্যান্য কৃষিসেবা দ্রুত ও স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দিতে এই তথ্যভাণ্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কৃষি বিভাগের কর্মকর্তারা মনে করছেন।
শালিখা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দেশের প্রতিটি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে নির্ধারিত ব্লকের কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ সময় কৃষকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল নম্বর, কৃষিজমির পরিমাণ ও অবস্থানসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত জানান, উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া ব্লকে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কাজে ছয়জন উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করছেন।
তিনি আরও বলেন, কৃষকদের সঠিক তথ্য প্রদান করতে হবে এবং নির্ধারিত সময়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে অংশ নিতে হবে। এ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত কৃষকদের সরকারি সহায়তা ও কৃষিসেবা নিশ্চিত করা আরও সহজ হবে।
১৬ জুলাই থেকে শুরু হওয়া কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও কৃষি বিভাগের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করছেন বলেও তিনি জানান।