আজ, রবিবার | ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৪১

ব্রেকিং নিউজ :
মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার মাগুরার রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার : কারখানার টয়লেটে নেই সাবান

মনোনয়ন না পেয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা কাজী কামালের

মাগুরা প্রতিদিন : ৯৪’র বহুল আলোচিত মাগুরা-২ উপনির্বাচনের বিজয়ী ও বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল দলীয় মনোনয়ন না পাওয়ায় সক্রিয় রাজনীতি থেকে চিরতরে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন।

শনিবার রাত ৩টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রায় ৭৯০ শব্দের এক দীর্ঘ পোস্টে তিনি এই ঘোষণা দেন। পোস্টে তিনি আওয়ামী লীগ ছাড়া অনুষ্ঠিতব্য এবারের নির্বাচনকে ‘আসল নির্বাচন’ মনে করেন না বলে মন্তব্য করেন। পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে ‘ইসলামিক জাগরণ’ আখ্যা দিয়ে আশঙ্কা প্রকাশ করেন, মাগুরা-২ আসনে একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় দলের ধর্মভীরু ভোটাররা জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকে যেতে পারেন।

কাজী কামাল লেখেন, তৃণমূল নেতাকর্মীদের মতামতের কোনো মূল্য দেওয়া হয়নি এবং একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এতে তিনি ও তার সমর্থকেরা গভীরভাবে হতাশ হয়েছেন। দীর্ঘ সাত বছর কারাবাসে পরিবারের ক্ষতির কথাও উল্লেখ করে তিনি জানান, পরিবারের অনুরোধেই তিনি আর কোনো নির্বাচনে অংশ নেবেন না এবং সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন।

ওয়ান- ইলেভেনের সময় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাত বছর কারাভোগ করেন তিনি। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কারামুক্ত হয়ে তিনি মাগুরা-২ আসনে একাধিক জনসভা করে প্রার্থিতার ঘোষণা দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কাজী কামালের সঙ্গে কথা বলা যায়নি। তবে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ বলেন, “তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়েছেন, কিন্তু বিএনপি ছাড়ছেন না। এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।”

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology