মাগুরা প্রতিদিন : যশোর শিক্ষাবোর্ডের অধিন এবারের এসএসসি পরীক্ষায় মাগুরায় পাশের হার ৬৮ দশমিক ২৪ শতাংশ। অন্যদিকে মাদরাসা শিক্ষায় পাশের হার ৪৮ দশমিক ৬৩ শতাংশ এবং কারিগরি শিক্ষায় পাশের হার ৫৪ দশমিক ২০ শতাংশ।
মাগুরা জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর মাগুরা জেলার ১৮২ শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী যশোর শিক্ষা বোর্ডের অধিন এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে কৃতকার্য হয়েছে ৫ হাজার ২০৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৫১২ জন।
অন্যদিকে মাদরাসা শিক্ষাবোর্ডের অধিন মাগুরার মোট ৭৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ হাজার ৬৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে কৃতকার্য হয়েছে ৭৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২১ জন।
কারিগরি শিক্ষাবোর্ডের অধিন ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে কৃতকার্য হয়েছে ৫১৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২১ জন।
এদিকে এবারের এসএসসি পরীক্ষায় মাগুরা জেলার দুটি বিদ্যালয় শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। বিদ্যালয় দুটি হচ্ছে মাগুরা সদর উপজেলার পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় এবং মহম্মদপুর উপজেলার চালিমিয়া বালিকা বিদ্যালয়।
মাগুরা পুলিশ লাইন্স বিদ্যালয় থেকে এ বছর মোট ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সকলেই উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ৪২ জন। অন্যদিকে জেলার মহম্মদপুর বালিকা বিদ্যালয় থেকে মোট ১৪ জন পরীক্ষায় অংশ নিয়ে সকলেই উত্তীর্ণ হয়েছে বলে জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।