মাগুরা প্রতিদিন : নির্বাচনের সময় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কম্বল বিতরণ করে ভোট প্রার্থনার অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে এ অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী মহম্মদপুর উপজেলা শাখার মহম্মদপুর সদর ইউনিয়নের আমীর হুসাইন আহম্মেদ কাবুল, সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মুকুল হোসেন, ওবায়দুল্লাহ বিন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও তাদের স্বজনদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অভিযোগ রয়েছে, এ সময় মাগুরা-২ সংসদীয় আসনে জামায়াতে ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহ বাকেরের পক্ষে ভোট প্রার্থনা করা হচ্ছিল।
সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম নির্বাচনি আচরণবিধির পরিপন্থী হওয়ায় বিষয়টি প্রশাসনের নজরে এলে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পরে অভিযুক্ত পাঁচজনকে আটক করা হয়।
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনুর জামান জানান, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি আটককৃতদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করে মুক্তি দিয়েছে। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৩২ পিস কম্বল এতিম খানায় বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং আইন লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা সংগঠনের প্রতি ছাড় দেওয়া হবে না।