মাগুরা প্রতিদিন : মাগুরায় ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী বাদশা মোড়ল (২৬) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ওই পুলিশ সদস্য সাতক্ষীরার তালা উপজেলার আইলিয়া গ্রামের ওমর আলির ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, বাদশা মোড়ল দুপুর দেড়টার দিকে মাগুরা পুলিশ লাইনস থেকে রেশন তুলে মটর সাইকেল যোগে নিজ কর্মস্থলে ফিরছিলেন। পথে মাগুরা শহরের পারনান্দুয়ালি ব্রিজ এলাকায় পৌঁছলে পেছন থেকে ছুটে আসা একটি ট্রাক তাকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।
মাগুরার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান জানান, দূর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক দ্রæত পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।