মাগুরা প্রতিদিন: মাগুরার শালিখায় মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় অপু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার অপু শালিখা উপজেলার হরিশপুর গ্রামে তার মামার বাড়িতে থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানা গেছে। তার বাবার নাম জালাল উদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শালিখা উপজেলার হরিশপুর দেওয়াডাঙ্গা ইটভাটা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপুসহ কয়েকজন পালানোর চেষ্টা করে। একপর্যায়ে এএসআই রাকিবুল ইসলাম অপুকে জাপটে ধরলে সে কাছে থাকা ছুরি দিয়ে তাঁকে আঘাত করে। এতে রাকিবুল ইসলাম আহত হন।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে অপুকে আটক করেন। এ সময় তাকে মারধর করার পর পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত এএসআই রাকিবুল ইসলামকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, আটক অপুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান চলাকালে পালিয়ে যাওয়া অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।