আজ, শুক্রবার | ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় ছাত্রলীগ নেতা রুহুল মল্লিকের উপর হামলা, বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ মাগুরা-২ আসনে ৯১ নির্বাচনের পুনরাবৃত্তি চায় জামায়াত মাগুরায় কম্বলের বিনিময়ে ভোট চাইতে গিয়ে জামায়াতের ৫ কর্মী আটক মধুমতীতে ড্রেজার, নদীভাঙনের মুখে শতাধিক পরিবার ভাষা আন্দোলন: বাঙালির আত্মপরিচয়ের অবিনাশী ইতিহাস শালিখায় পিস্তল-গুলিসহ বিএনপি ও যুবদল নেতা গ্রেপ্তার মাগুরায় দাড়িপাল্লার পক্ষে বাড়ি বাড়ি নারী মিছিল জামায়াতের কথা ও কাজে মিল নেই: মুফতি মোস্তফা কামাল শালিখার চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর মাগুরায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের

মাগুরা-২ আসনে ৯১ নির্বাচনের পুনরাবৃত্তি চায় জামায়াত

মাগুরা প্রতিদিন : মাগুরা-২ আসনে বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার বিপরীতে এবার নতুন আত্মবিশ্বাসে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। তাদের ভরসা-১৯৯১ সালের নির্বাচনের সেই ফলাফল, যেখানে নিতাই রায়ের চেয়ে বেশি ভোট পেয়েছিল জামায়াত প্রার্থী।

শালিখা ও মহম্মদপুর উপজেলা এবং সদর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-২ সংসদীয় আসন। আসনটির মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ৬৩৪ জন। এর মধ্যে প্রায় ৩৩ শতাংশ ভোট হিন্দু সম্প্রদায়ের। ধর্মীয় ভোটব্যাংক এবং আওয়ামী সমর্থক ভোটারদের ভূমিকা ঘিরে আসনটির নির্বাচন ধীরে ধীরে জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে।

আসনটিতে বিএনপি প্রার্থী জাতীয় পার্টির সাবেক মন্ত্রী প্রবীণ রাজনীতিক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর বিপরীতে মাঠে রয়েছেন-১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতের আমির মুরতারশেদ বিল্লাহ বাকের, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মোস্তফা কামাল এবং জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমান।

সর্বশেষ গ্রহণযোগ্য ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নিতাই রায় চৌধুরী ১ লাখ ৯ হাজার ৮০৮ ভোট পেলেও প্রায় ৬ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট বিরেন শিকদারের কাছে পরাজিত হন। তবে, এ আসনে অতীতের প্রায় সব নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপিকে ঘিরে। যে কারণে আওয়ামী লীগবিহীন এবারের নির্বাচনে জয়ের পাল্লা বিএনপির দিকেই ভারি থাকবে এমনটাই মনে করছেন নির্বাচন পর্যবেক্ষকরা। লক্ষ্য অর্জনে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ঘরে ঘরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আসনের বিএনপি প্রার্থী নিতাই রায় বলেন, দীর্ঘদিন ভোট দিতে না পারা বিএনপি’র ভোটারদের মধ্যে উৎসব শুরু হয়েছে। নির্বাচন শেষেও জয় উৎসব আমাদের হবে।

তবে জামায়াতের হিসাব ভিন্ন। অতীতে কোনো নির্বাচনেই জামায়াতে ইসলামী এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় যেতে না পারলেও এবার প্রথমবারের মতো আসনটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে দলটি। নির্বাচনি ফলাফল নিজেদের অনুকুলে আনতে একেবারে ‘আদাজল খেয়ে’মাঠে নেমেছেন তারা।

জামায়াত নেতারা বিশেষভাবে সামনে আনছেন ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল। ওই নির্বাচনে জামায়াত এককভাবে অংশ নেয়। সে সময় বিএনপি সরকার গঠন করলেও মাগুরা-২ আসনে বিএনপির প্রভাবশালী নেতা মেজর জেনারেল (অব.) মজিদ উল হক ৩২ হাজার ২৬৬ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হন।

সেই নির্বাচনে জামায়াত প্রার্থী গোলাম আকবর হোসেন পেয়েছিলেন ২০ হাজার ২৭৪ ভোট। বিপরীতে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা বর্তমান বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরী পেয়েছিলেন মাত্র ১৮ হাজার ৩০১ ভোট-যা জামায়াত প্রার্থীর চেয়েও কম।

এ আসনের জামায়াত প্রার্থী মুরতারশেদ বিল্লাহ বাকের বলেন, অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদের সময় অনুষ্ঠিত ৯১ সনের ওই নির্বাচন ছিল অধিক প্রহণযোগ্য। সেই নির্বাচনে নিতাই রায়ের চেয়ে বেশি ভোট পাওয়ার অভিজ্ঞতা রয়েছে আমাদের। এবার আমাদের জয় হবে বলে বিশ্বাস করি।

পর্যবেক্ষক মহলের মতে, আওয়ামী লীগের দীর্ঘদিনের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনের জয়-পরাজয় অনেকাংশেই নির্ভর করবে আওয়ামী সমর্থক ভোটারদের আচরণের ওপর। ২০০৮ সালের নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মোস্তফা কামাল ১০ হাজার ৬২৫ ভোট পেয়েছিলেন। এবার তিনি যদি আওয়ামী সমর্থকদের বড় অংশকে নিজের দিকে টানতে পারেন, তবে মাগুরা-২ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ আসনের আরেক প্রার্থী জাতীয় পার্টির মশিয়ার রহমান। অতীতে তিনি মাল্টা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও এবার জাতীয় পার্টিতে যোগ দিয়ে নিয়মিত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology