আজ, শুক্রবার | ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩৭


যথাযোগ্য মর্যাদায় মাগুরায় গণহত্যা দিবস পালিত

মাগুরা প্রতিদিন: একাত্তরের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে ২৫ মার্চের গণহত্যা দিবস উপলক্ষে মাগুরায় গভীর শ্রদ্ধা ও শোকের আবহে দিনটি পালন করা হয়েছে।

১৯৭১ সালের এই কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালায়, তা ইতিহাসের এক বিভীষিকাময় অধ্যায় হিসেবে চিহ্নিত। এই রাত থেকেই বাংলাদেশে গণহত্যার সূচনা হয়, যা পুরো জাতিকে স্তব্ধ করে দেয়।

দিবসটি উপলক্ষে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে জেলার নোমানী ময়দান প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

এ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও নিরীহ শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। স্থানীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক আলি আহমদ, সিভিল সার্জন ডাক্তার মো. শামীম কবির ছাড়াও জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

তাঁদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ—এ কথা স্মরণ করে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন। পরে দিবসটি উপলক্ষে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা।

এছাড়া দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology