মাগুরা প্রতিদিন: সরকারি কাজে বাধা দিলে নিজ দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি।
শনিবার দুপুরে মাগুরা জেলা অডিটোরিয়ামে জেলা পরিষদের অর্থায়নে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি কাজে বাধা, কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার বা দলীয় পরিচয়ে মস্তানি করলে পরিচয় বিবেচনা না করে আইনগত ব্যবস্থা নিতে হবে। মাদক নির্মূলেও সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও সিভিল সার্জন ডা. মো. শামীম কবির বক্তব্য দেন।
পরে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে বাদ্যযন্ত্র ও বিশেষ অনুদানের চেক তুলে দেওয়া হয়।