মাগুরা প্রতিদিন: বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, “আকাশে রংধনুর সাতটি রঙ যেমন পাশাপাশি থাকে, বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষও জাতি-ধর্ম নির্বিশেষে তেমনি পাশাপাশি বসবাস করবে। একটি দল ধর্মকে ব্যবহার করে এদেশের সাধারণ মানুষকে বোকা বানাতে চায়। কিন্তু এদেশের মানুষ তাদের সে অপচেষ্টা ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।”
সোমবার বিকেলে মাগুরার শ্রীপুর মিনি স্টেডিয়ামে মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মেদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম ও সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমানের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আকতার হোসেন, খান হাসান ইমাম সুজা, ফারুকুজ্জামান ফারুক, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা সভাপতি কুমুদ রঞ্জন, সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) এম. মজিদ উল হকের কন্যা ডা. সিমিন মজিদ আকতার, বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের সহধর্মিণী রওশন আরা বেগম, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্বাস উদ্দিন প্রমুখ।
দুপুর থেকেই উপজেলার ৮টি ইউনিয়ন থেকে হাজারো নেতা-কর্মী ধানের শীষের পক্ষে নানা স্লোগান দিতে দিতে মিনি স্টেডিয়ামে এসে জড়ো হন। নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ও আশপাশের সড়ক নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বক্তৃতার ফাঁকে ফাঁকে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।