মাগুরা প্রতিদিন : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে সামনে রেখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এমপি বলেছেন, দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়াই তার জন্য একমাত্র আইনি পথ। তিনি বলেন, নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে আইনের কাঠামোর মধ্যেই তা করতে হবে।
রবিবার বিকালে মাগুরা জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাগুরা জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় মন্ত্রী বলেন, সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখী করতে চেয়েছিলো। তিনি সেই সুযোগ নেননি। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী। কিন্তু তিনি পলাতক থাকা অবস্থায় তার মামলা সম্পর্কে প্রতিনিয়ত স্টেটমেন্ট করেছেন। শেখ হাসিনা বলছেন তিনি বাংলাদেশ থেকে যাননি। এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। যে কোনো সময়ে বাংলাদেশে ফিরতে পারেন। দিন তারিখ দিচ্ছেন ডিসেম্বর। তিনি প্রতিদিন প্রমাণ করেছেন তার মামলা সম্পর্কে তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল। উনার যে সাজা হয়েছে তার আপিলের একটি নিধারিত মেয়াদ আছে। সে প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন—মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় পেরিয়ে গেলে বিলম্ব মওকুফের (ডিলে কনডোলেশন) বিষয়টি কীভাবে উপস্থাপন করা হবে। তবে আমরা চাই তিনি দেশে ফিরে আইনের মুখোমুখি হন।
মন্ত্রী জানান, জুলাই হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি চলছে এবং ইতোমধ্যে ছয়টি মামলার রায় হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিচারপ্রক্রিয়ায় কোনো শর্টকাট নেওয়া হয়নি এবং আইন অনুযায়ীই সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নিন। আইন অনুযায়ী দণ্ড কার্যকর করতে যে বিধান রয়েছে, সেটিই করা হবে।
মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মো. মুতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগরসহ অন্যান্যরা।