মাগুরা প্রতিদিন: মাগুরায় ৫০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম তৈয়ব (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের বারইখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের একটি দল বারইখালী জামে মসজিদের পশ্চিম পাশে মাগুরা-নড়াইল সড়কে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা জাহাঙ্গীর পুলিশ দেখে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
পুলিশের দাবি, উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরনের সাদা পাঞ্জাবির ডান পকেট থেকে ১০টি জিপারে রাখা ৫০০ পিস হালকা কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার ওজন ৫০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শুভংকর রায়ের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। উদ্ধার মাদক জব্দ করা হয়েছে। গ্রেফতার জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।