মাগুরা প্রতিদিন : রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
ন্যাম ভবনের ওই ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
তবে, পুলিশ যে ধারণায় করুক মাত্র ১৯ বছর বয়সী মরিয়ম কেন আত্মহত্যা করবেন—এ প্রশ্নই এখন সামনে এসেছে। এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকাণ্ড? ঘটনাটি ঘিরে ন্যাম ভবনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এ অবস্থায় মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে নিরপেক্ষ তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।