মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব বিশ্বাস ওই গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অপূর্ব দীর্ঘদিন ধরে আড়পাড়া বাজারের আলু ব্যবসায়ী অনুর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সকালে তার স্ত্রী কাপড় ধুয়ে ঘরের ভেতর রান্নাঘরে নেওয়া একটি বৈদ্যুতিক তারে শার্ট শুকাতে দেন। পরে দোকানে যাওয়ার সময় অপূর্ব শার্টটি নিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।
প্রতিবেশীরা জানান, চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরজ আলী বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জেনেছি এবং থানায় অবহিত করা হয়েছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।