মাগুরা প্রতিদিন: দুটি মেয়ের ফেসবুকে পরিচয়। এরপর প্রেমের সম্পর্ক! একপর্যায়ে ফোনেই নিজেদের বিয়ে হয়েছে বলে স্বীকৃতি দেওয়ার দাবি তাদের। এবার সেই সূত্র ধরে একসঙ্গে বসবাস করতে মাদারীপুরের রাজৈর থেকে মাগুরার শ্রীপুরে মিরা খাতুনের বাড়িতে এসে উঠেছেন জয়া গাইন নামে এক তরুণী।
এ ঘটনায় দুই পরিবারের মধ্যে দেখা দিয়েছে বিব্রতকর পরিস্থিতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার জয়া গাইনের সঙ্গে মাগুরার শ্রীপুর উপজেলার মিরার ফেসবুকে পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মোবাইল ফোনে কথার মাধ্যমে তারা নিজেদের বিয়ে হয়েছে বলে মনে করেন তারা। সেই সূত্রে কিছুদিন আগে মিরা রাজৈরে গিয়ে জয়া গাইনের বাড়িতে কয়েকদিন একসঙ্গে বসবাস করেন। বিষয়টি জানতে পেরে মিরার পরিবারের সদস্যরা পুলিশের সহায়তায় সেখানে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এরই মধ্যে গত সোমবার জয়া গাইন মিরার সঙ্গে বসবাসের উদ্দেশ্যে মাদারীপুরের রাজৈর থেকে মাগুরার শ্রীপুরে মিরার বাড়িতে এসে উপস্থিত হন। এরপর থেকে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
তারা একসাথে ভালো থাকবে বলে মিরা এবং জয়া দাবি করলেও ঘটনাটি নিয়ে—দুই পরিবারের সদস্যরাই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে জানা গেছে।