মাগুরা প্রতিদিন : ‘লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে’—চক্রান্তকারীদের হুঁশিয়ারি নয়নের
নাম ব্যবহার করে যারা লুটপাট ও অপকর্মে জড়াবে, তাদের কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
তিনি বলেন, ‘যারা লুটপাট করবে, তাদের মধুমতি নদীতে ফেলে দেওয়া হবে।’
রোববার বিকেল ৪টায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরার শালিখা উপজেলা পরিষদ চত্বরে র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
রবিউল ইসলাম নয়ন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে। জনগণের দুঃখ-দুর্দশা দূর করতে নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে এবং জনগণের মঙ্গলের কথা চিন্তা করে। তাই জনগণের শান্তি ও অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডে কেউ জড়ালে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও বলেন তিনি।
এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শালিখা উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে আড়পাড়া হাইস্কুল মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান মিল্টনের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম প্রিন্স, শহিদুর রহমান শহিদ, তরিকুল ইসলাম, আল মোর্তজা, মনিরুজ্জামান মনা, মোনতাজ, যুবদল নেতা মহাসিন মোল্লা, মহব্বত মুন্সি, ইশতিয়াক আহমেদ অনিক, উপজেলা ছাত্রদলের সভাপতি সুজায়েত হোসেন সজিব, সদস্য সচিব তিতাস বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।