মাগুরা প্রতিদিন : মাগুরায় ঢাকা–খুলনা মহাসড়কের কেষ্টপুর এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে প্রান্ত দত্ত (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত প্রান্ত দত্ত শ্রীপুর উপজেলার নারকেল গ্রামের সাহা পাড়ার ভজন দত্তের ছেলে।
শুক্রবার রাত ৯টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান জানান, প্রান্ত দত্ত সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাগুরা শহরের দিকে আসছিলেন। পথে কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঝোড়ো বাতাসে গাছের একটি মরা ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।