মাগুরা প্রতিদিন : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাগুরা জেলা কমিটির আহ্বায়ক রাসেল মজুমদার দলটির রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
দলীয় কর্মসূচি ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতপার্থক্যের জেরে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। তবে এখনো তিনি আনুষ্ঠানিকভাবে লিখিত পদত্যাগপত্র জমা দেননি।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে জাতীয় পতাকা অবমাননা, জাতীয় সংগীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালিমা লেপন এবং মাগুরার সন্তান ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ির সামনে অশালীন উপস্থাপনাসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে এনসিপির সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ নিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রাসেল মজুমদারের মতপার্থক্য তৈরি হয়। এসব ঘটনার বিরোধিতা করতে গিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে বলে সূত্রগুলো জানিয়েছে।
সূত্রের দাবি, রাসেল মজুমদার তাঁর সিদ্ধান্তের কথা এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামকেও জানিয়েছেন। গত ১১ অক্টোবর নিজের ফেসবুক ওয়ালে ‘আলহামদুলিল্লাহ
ঝামেলা থেকে মুক্ত হলাম Thanks God’ লিখে একটি পোস্ট দেন তিনি। ওই পোস্টের পর তাঁর দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে রাসেল মজুমদার বলেন, ‘নিজের ব্যবসায়িক কাজে সময় দেওয়া এবং ব্যক্তিগত কিছু কারণে রাজনৈতিক কর্মকাণ্ডে সময় দেওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি কেন্দ্রীয় আহ্বায়কসহ সাংগঠনিক নেতৃবৃন্দকে জানিয়ে দিয়েছি।’
তবে তিনি এখনো লিখিত পদত্যাগপত্র জমা দেননি বলে জানান।
রাসেল মজুমদারের বক্তব্য অনুযায়ী, ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততা তাঁর সিদ্ধান্তের কারণ। অন্যদিকে, দলীয় কর্মসূচি ও নেতাদের সঙ্গে মতপার্থক্যের বিষয়টিও সংশ্লিষ্ট সূত্রগুলো সামনে এনেছে।