মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখায় দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে এবার প্রাণ গেল বাকপ্রতিবন্ধী যুবক সুলতান মোল্যার (৩০)। প্রায় ১৬ বছর আগে একই বিরোধের জেরে সুলতানের চাচা ইকতার মোল্যা নিহত হয়েছিলেন। সেই হত্যাকাণ্ডের বিচারকার্য শেষ হওয়ার আগেই একই প্রতিপক্ষের হাতে এবার ইকতার মোল্যার ভাতিজা সুলতান নিহত হলেন।
মঙ্গলবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতানের মৃত্যু হয়। এর আগে সোমবার দুপুরে শালিখা উপজেলার সিংড়া বাজারের মোটর শ্রমিক অফিসের পাশে বলাই নাঘোসা গ্রামের সামাজিক দলের নেতা জাফর মোল্লা ও সামছু মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত সুলতান মোল্যাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে ঢাকায় পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, বলাই নাঘোসা গ্রামে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। এরই ধারাবাহিকতায় ২০১০ সালের দিকে সামছু মেম্বারের সমর্থকদের হাতে সুলতানের চাচা ইকতার মোল্যা নিহত হন বলে স্থানীয়দের দাবি। ওই হত্যা মামলার বিচারকাজ শেষ হওয়ার আগেই এবার সংঘর্ষে সুলতানের মৃত্যু নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
সুলতানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শালিখা থানার ওসি (তদন্ত) দেবব্রত রায় জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।