মাগুরা প্রতিদিন: মাগুরার শ্রীপুরে ঘুমন্ত স্বামী রাব্বি মণ্ডলকে (৩৫) ধারালো দা দিয়ে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ফারজানা বেগমের (২৭) বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার আমতৈল গ্রামের বাবার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রাব্বি শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের রাজাপুর গ্রামের নজরুল ইসলাম মণ্ডলের ছেলে। তিনি পেশায় বালু ব্যবসায়ী।
পুলিশ জানায়, সংসারের প্রতি উদাসীনতা ও দায়িত্বহীনতায় ক্ষুব্ধ হয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে ফারজানা পুলিশের কাছে স্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাইরে থাকার পর শুক্রবার ভোর ৫টার দিকে রব্বি বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। এ সময় ফারজানা ধারালো দা দিয়ে তাকে জবাই করেন। পরে পাঁচ বছরের মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান তিনি। সেখানে রক্তমাখা অবস্থায় মেয়েকে দেখে তার বাবা বিষয়টি রাব্বির পরিবারকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাব্বির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং দুপুরে ফারজানাকে গ্রেপ্তার করে।
নিহত রাব্বির বাবা নজরুল ইসলাম ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ছেলে হত্যার বিচার দাবি করেছেন।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জানা গেছে। স্ত্রী হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।