মাগুরা প্রতিদিন: জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শুক্রবার মাগুরার সাতদোহায় শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রমে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে তিনি জন্মাষ্টমীর এই উৎসবে অংশ নিয়েছেন। বিগত ১৭–১৮ বছরে দেশের অনেক স্থানে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ পাননি। অথচ এখন সারাদেশে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। মাগুরার এই বিশাল আয়োজন জাতীয় সংস্কৃতির বহুমাত্রিক প্রকাশ ও সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বলেও উল্লেখ করেন তিনি।
নিতাই রায় চৌধুরী বলেন, ৫ আগস্টের পর দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। তবে বিভিন্ন স্থানে উগ্রবাদী গোষ্ঠী বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করছে। এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানের প্রধান বক্তাl মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। ধর্মীয় পরিচয় যাই হোক, আমরা সবাই বাংলাদেশি। দেশে কোনো নাগরিকের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই।
তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মাধ্যমেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
জন্মাষ্টমী উদযাপন কমিটি, মাগুরার সভাপতি কুমুদ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ ও পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
এ সময় বিভিন্ন সেবাশ্রমের ধর্মীয় নেতৃবৃন্দ, মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি, কৃষ্ণভক্তসহ বিভিন্ন ধর্মের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া হাজারো ভক্ত শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।