মাগুরা প্রতিদিন: মাগুরার মহম্মদপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতের কোন এক সময় উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠে এ ঘটনা ঘটে।
নিহত শাহিন উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের নিজাম মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, কানাবিল মাঠে স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে শাহিন সেখানে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ট্রান্সফরমারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন কিংবা সেটি চুরির চেষ্টা করার সময় শর্ট সার্কিটের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেন। পরে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শামীম আহমেদ জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত যুবক কীভাবে সেখানে গিয়েছিলেন, ট্রান্সফরমার চুরির সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না এবং কীভাবে শর্ট সার্কিটের ঘটনা ঘটেছে—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।