মাগুরা প্রতিদিন : জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কারাফটক থেকেই ফের গ্রেপ্তার হয়েছেন মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জামিন পান কুতুবুল্লাহ হোসেন কুটি। জামিনের আনুষ্ঠানিকতা শেষে কারাগার থেকে বের হওয়ার পরপরই তাকে আবার গ্রেপ্তার করে মাগুরা সদর থানা পুলিশ।পরিবারের দাবি, বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে বের হওয়ার
সময় কুতুবুল্লাহ হোসেন কুটিকে একাধিকবার জেলগেট থেকেই গ্রেপ্তার করা হয়েছে।
তার আইনজীবীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে বিদেশ থেকে দেশে ফেরেন কুটি। গত বছরের ১৫ ডিসেম্বর মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে বাড়ি ফেরার পথে প্রথম দফায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাবন্দি রয়েছেন।
আইনজীবীদের অভিযোগ, জামিনে মুক্তি পাওয়ার পর কারাফটক থেকে তাকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। সর্বশেষ বৃহস্পতিবার জামিনে মুক্তির পরও একইভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।