মাগুরা প্রতিদিন : ভারতে ভিজিটর ভিসা নিয়েই চিকিৎসকের পরামর্শ নেওয়া ও স্বল্পমেয়াদি চিকিৎসা করানোর সুযোগ সৃষ্টি হলো।
পর্যটন, ব্যবসায়িক বৈঠক থেকে শুরু করে চিকিৎসা—বিভিন্ন উদ্দেশ্যে ভ্রমণের সুযোগ বাড়িয়ে ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে দেশটির সরকার। নতুন কাঠামোয় ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামানো হয়েছে। পাশাপাশি আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘর কমানো হয়েছে প্রায় ৭০ শতাংশ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। নতুন কাঠামোয় ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই ৯ শ্রেণিতে ভিসা দেওয়া হবে।
নতুন নিয়মে আগের ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভিজিটর ভিসা। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। পর্যটন, ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, স্বল্পমেয়াদি চিকিৎসা, ট্রানজিট এবং ভারতীয় ভাষা, সংগীত ও শিল্পকলার স্বল্পমেয়াদি কোর্সে অংশ নেওয়া যাবে। আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। এতে পর্বতারোহণের সুযোগও থাকবে।
চিকিৎসা ভিসায় আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য এম-৩ এবং অন্যান্য চিকিৎসার জন্য এম-১ শ্রেণি রাখা হয়েছে। উভয় ভিসার মেয়াদ সাধারণত এক বছর। শিক্ষার্থী ভিসায় স্কুল থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনার পাশাপাশি পিএইচডি, গবেষণা, ইন্টার্নশিপ ও বিনিময় কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।
ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২ শ্রেণিতে ভাগ করা হয়েছে। দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উদ্যোগের জন্য বি-১ এবং স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক কাজ, সম্মেলন, খেলাধুলা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কাজের জন্য বি-২ ভিসা দেওয়া হবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে। বর্তমানে ১৭২টি দেশের নাগরিকদের ই-ভিসা দেওয়া হয়। মন্ত্রণালয়ের মতে, আন্তর্জাতিক মান অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সহজ করতেই এ সংস্কার। তথ্যপ্রযুক্তি ব্যবস্থা হালনাগাদ শেষে চলতি বছরের শেষ নাগাদ নতুন নিয়মে ভিসা দেওয়া শুরু হওয়ার কথা রয়েছে।