মাগুরা প্রতিদিন: নানা অনৈতিক কর্মকাণ্ড ও সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িয়ে পড়ার অভিযোগে মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল এবং যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানাকে চূড়ান্তভাবে সতর্ক করেছে কেন্দ্রীয় যুবদল।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় এ সতর্কবার্তা দেওয়া হয়।
বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর ২০২৬) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পৃথক পত্রে তাদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

পত্রে বলা হয়, গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকার পরও নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে একাধিক অভিযোগ এসেছে। সংগঠনবিরোধী এসব কর্মকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ জাতীয়তাবাদী যুবদলের জন্য দুঃখজনক ও বিব্রতকর বলেও উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, দলীয় নীতি ও শৃঙ্খলাবিরোধী অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থেকে সতর্কতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
দলের বিভিন্ন সূত্র জানায়, এর আগে গত ৪ মে মাদক ও স্বর্ণ চোরাচালানের অভিযোগে ওয়াসিকুর রহমান কল্লোল ও আনসারুল হক রানাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। ওই অভিযোগের পর তাদের চূড়ান্তভাবে সতর্ক করা হলো।