মাগুরা প্রতিদিন: জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। শহরের কেশবমোড়ের দোতলা বাড়িটির ভাঙা জানালা, প্রধান ফটকসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামত করছেন শ্রমিকরা। এতে সাকিব দেশে ফিরছেন কিনা সেই সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে স্থানীয়দের মধ্যে।
সোমবার দুপুরে বাড়িটিতে গিয়ে দেখা যায়, শ্রমিকরা ভাঙা জানালা মেরামত করছেন। বাড়ির আরও কিছু অংশেও সংস্কারকাজ চলছে। তবে সেখানে সাকিবের পরিবারের কোনো সদস্যকে দেখা যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সাকিবের বাবা-মা কেউ বর্তমানে সেখানে বসবাস করেন না।
এ বছরের ৫ আগস্ট দিল্লি ফরেন প্রেসক্লাব আয়োজিত একটি সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে লাইভে অংশ নেওয়াকে কেন্দ্র করে সেই রাতেই সাকিবের মাগুরার বাড়িতে হামলা চালানো হয়। বাড়ির প্রধান ফটক ও ভেতরের বিভিন্ন অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি ব্যাপক ভাঙচুর করা হয়। এতে জানালা, দরজা ও বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা সাকিব প্রকাশ করেছেন—এমন খবরের পর বাড়ি সংস্কারের ঘটনায় তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কিনা সেই আলোচনা শুরু হয়েছে।
তবে সাকিবের দেশে ফেরার বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। বর্তমানে তিনি পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।