আজ, শুক্রবার | ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:১১

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মাগুরা গণঅধিকার পরিষদের শতাধিক নেতৃবৃন্দের পদত্যাগ

মাগুরা প্রতিদিন : গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বাণিজ্য, স্বজনপ্রীতি, একনায়কতান্ত্রিক আচরণ ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনে মাগুরা জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেছেন।

শুক্রবার (২১ জুন) বিকেলে মাগুরা শহরের সাজিয়াড়া এলাকায় রাকিব হোটেল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি রাসেল মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আনোয়ার জাহিদ সুজন, দপ্তর সম্পাদক বিএম ফররুখ আহমেদ, সাংগঠনিক সম্পাদক খাইরুল শেখ, যুগ্ম সম্পাদক হাসান ইমাম পলক, নারী বিষয়ক সম্পাদক কামরুন নাহার সনিয়াসহ জেলা ও উপজেলার নেতারা।

নেতারা অভিযোগ করেন, “দল গঠনের শুরুর সময় আমরা নৈতিকতা ও আদর্শে বিশ্বাস করে স্ব-উদ্যোগে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়েছি। কিন্তু কেন্দ্রীয় নেতাদের কিছু অসৎ কর্মকাণ্ড, বিশেষ করে আর্থিক কেলেঙ্কারি, নেতৃত্বে অযোগ্যদের প্রতিষ্ঠা এবং সংগঠনকে দলবাজিতে পরিণত করার কারণে আমরা হতাশ।”

তারা আরও দাবি করেন, স্থানীয় সরকার উপদেষ্টার সহকারী একান্ত সচিব ও কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ রয়েছে। তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাগুরার কৃষক পরিবারের ছেলে উবাইদুল্লাহ বিন হাফিজার অল্প সময়ের মধ্যে অনৈতিক উপায়ে অগাধ সম্পদের মালিক হয়েছেন।

বক্তারা জানান, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে সংগঠন সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। তারা বহুবার প্রতিবাদ জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় অবশেষে সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি রাসেল মজুমদার বলেন, “মাগুরা জেলায় গণঅধিকার পরিষদের প্রায় ৮ হাজার সক্রিয় সদস্য রয়েছে। আজ আমরা আনুষ্ঠানিকভাবে দেড় শতাধিক নেতাকর্মীর পদত্যাগ ঘোষণা করছি। এই সংখ্যা আরও বাড়বে।”

এ সময় মাগুরা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং সংগঠনের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology