মাগুরা প্রতিদিন : দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
শহরের ইসলামপুরপাড়ায় বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান সড়ক ও চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, নির্বাচিত সরকারকে ব্যর্থ করতে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে থাকবে। দেশবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করারও ঘোষণা দেন তারা।
কর্মসূচিতে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. কুতুবউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসু ও সদস্য সচিব আব্দুর রহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।