আজ, রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৭

ব্রেকিং নিউজ :
দুই মাসেও মেলেনি মায়ের সন্ধান, ফিরে পেতে প্রবাসী মেয়ের আকুতি শ্রীপুরে স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেপ্তার সংস্কৃতিমন্ত্রীকে সরানোর দাবি জাতীয়তাবাদী ছড়াকার আবু সালেহের, পোস্ট ঘিরে সমালোচনা হামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সাঈদ আহত, পায়ের আঙুল বিচ্ছিন্ন এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী আয়াশকে এবার মাগুরায় এলে ‘দেখে নেওয়ার’ হুমকি যুব অধিকার পরিষদের ষড়যন্ত্রের বিরুদ্ধে মাগুরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম

দুই মাসেও মেলেনি মায়ের সন্ধান, ফিরে পেতে প্রবাসী মেয়ের আকুতি

মাগুরা প্রতিদিন : মায়ের একটি ফোনকলের অপেক্ষায় প্রতিটি মুহূর্ত কাটছে যুক্তরাজ্যপ্রবাসী ইসমত আরা আঁচলের। অচেনা কোনো নম্বর থেকে ফোন এলেই বুক কেঁপে ওঠে—এই বুঝি মায়ের খবর এলো।

গত ৪ জুলাই বিকেলে মাগুরা শহরের পশু হাসপাতাল পাড়ার বাসা থেকে বাজার করতে বের হওয়ার পর নিখোঁজ হওয়া মা রত্না খাতুনের (৪৫) কোনো সন্ধান এখনও মেলেনি। দুই মাসেরও বেশি সময় ধরে মায়ের অপেক্ষায় থাকা মেয়ের আকুতি—‘আমি শুধু আমার মাকে ফিরে পেতে চাই।’

পরিবার সূত্রে জানা যায়, ৪ জুলাই বিকেলে পশু হাসপাতাল পাড়া সড়কের বাসা থেকে বাজার করার উদ্দেশ্যে বের হন রত্না খাতুন। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। তার সঙ্গে পরিবারের সদস্যদেরও কোনো ধরনের যোগাযোগ হয়নি। সময় যত গড়িয়েছে, পরিবারের উৎকণ্ঠাও তত বেড়েছে। দীর্ঘ দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রত্না খাতুনের নিখোঁজ হওয়ার ঘটনায় মাগুরা সদর থানায় প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে এ ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালিয়েছে। এ সময় কয়েকজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়। তবে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এর পরও রত্না খাতুনের সন্ধান মেলেনি।

মেয়ের ভাষ্য, দেশের বাইরে থাকলেও প্রতিটি মুহূর্তে মায়ের চিন্তায় দিন কাটছে তার। পরিবারের একমাত্র আপনজন হিসেবে মাকে হারিয়ে ফেলার আশঙ্কা তাকে আরও অসহায় করে তুলেছে। প্রতিটি দিন পার হচ্ছে অনিশ্চয়তার মধ্যে।

ইসমত আরা আঁচল বলেন, ‘একজন সন্তানের কাছে মায়ের অনুপস্থিতি কতটা অসহ্য, তা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রতিটি ফোনকল ও প্রতিটি খবরের অপেক্ষায় বুক কেঁপে ওঠে—হয়তো এবার মায়ের সন্ধান পাওয়া যাবে। কিন্তু প্রতিটি মুহূর্তের অপেক্ষা আরও কঠিন হয়ে উঠছে।’

তিনি মায়ের সন্ধানে তদন্ত কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে মামলাটি অধিকতর গুরুত্ব ও বিশেষ দক্ষতার সঙ্গে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। পাশাপাশি মায়ের নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ উদঘাটন ও তার অবস্থান শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক উদ্যোগ কামনা করেছেন।

ইসমত আরা আঁচলের আকুল আবেদন, মাগুরাসহ দেশের কোথাও কেউ রত্না খাতুনকে দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে যেন দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তার মতে, একটি ছোট্ট তথ্যও হয়তো একজন মাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারে।

তিনি বলেন, ‘আমি শুধু আমার মাকে ফিরে পেতে চাই। মায়ের মুখটি আবার দেখতে চাই। মায়ের কণ্ঠে আবারও ডাক শুনতে চাই। একজন অসহায় সন্তানের এই আকুতি যেন অরণ্যে রোদন না হয়।’

রত্না খাতুনের সন্ধান পেলে বাংলাদেশে ০১৮১৮৫৫৩৯০২ ও ০১৬৭৭১২৬১৭৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তাঁর মেয়ে আঁচল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology