মাগুরা প্রতিদিন: ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাবলি স্মরণে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে দলটির নেতারা ওই দিনের হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মাগুরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু। সঞ্চালনা করেন মারুফ হোসাইন কারখী।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুষ্টিয়া-যশোর অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমির আলহাজ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, মোহাম্মদপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা সেক্রেটারি এরশাদুল্লাহ ওয়াহিদ, শ্রীপুর উপজেলা আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজান, মাগুরা সদর উপজেলা আমির অধ্যাপক ফারুক হোসাইন, মাগুরা পৌর আমির অধ্যাপক আশরাফুল আলম, পৌরসভা চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ও জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেনসহ অন্য নেতারা।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে সারাদেশে মানুষ নিহত হন। ওই ঘটনার ধারাবাহিকতায় মাগুরাতেও দুজন শহীদ হন বলে তারা উল্লেখ করেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে তারা বিভিন্ন কর্মসূচি পালনের কথা বলেন।
এর আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।