মাগুরা প্রতিদিন: দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম জাহিদ ও মাগুরা সদর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গোলাম জাহিদ ও মারুফ হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সম্প্রতি মাগুরায় ১৫০ ভরি সোনা ডাকাতি ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন হত্যা মামলায় গোলাম জাহিদ ও মারুফ হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। চাঞ্চল্যকর এ দুই ঘটনায় গ্রেপ্তারের পর তাদের বহিষ্কারের সিদ্ধান্ত এলো। তবে বহিষ্কারের কারণ হিসেবে কেন্দ্রীয় কমিটির বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের কথা বলা হয়েছে। সোনা ডাকাতি ও হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ এখনো তদন্তাধীন।