আজ, বুধবার | ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৪৫

ব্রেকিং নিউজ :
নারীদের স্বনির্ভর জন্মনিয়ন্ত্রণে বিশ্বে প্রথম জেনেরিক ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’ বাজারে শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ

নারীদের স্বনির্ভর জন্মনিয়ন্ত্রণে বিশ্বে প্রথম জেনেরিক ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’ বাজারে

মাগুরা প্রতিদিন : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রিকোয়ালিফায়েড, প্রয়োগযোগ্য ডিএমপিএ সাব-কিউটেনিয়াস গর্ভনিরোধক ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’ বাজারে এনেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি বাংলাদেশের প্রথম ইউনিজেক্ট ডিভাইসে বাজারজাত করা স্ব-প্রয়োগযোগ্য (সেলফ-ইনজেক্টেবল) গর্ভনিরোধক ইনজেকশন। এর মাধ্যমে নারীরা নিজেরাই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের সুযোগ পাবেন।

মেডোজেন সাবকিউতে রয়েছে Medroxyprogesterone Acetate BP 104 mg/0.65 ml। এটি প্রতি তিন মাস (১২-১৪ সপ্তাহ) অন্তর ত্বকের নিচে প্রয়োগ করতে হয়। প্রচলিত মাংসপেশিতে প্রয়োগযোগ্য (ইন্ট্রামাসকুলার) ইনজেকশনের তুলনায় এতে প্রায় ৩০ শতাংশ কম মাত্রার ওষুধ ব্যবহার করেই কার্যকর গর্ভনিরোধক সুরক্ষা পাওয়া যায়। ফলে বারবার স্বাস্থ্যসেবা কেন্দ্রে না গিয়েও নারীরা সহজে জন্মনিয়ন্ত্রণের সুবিধা নিতে পারবেন।

জন্মনিয়ন্ত্রণের পাশাপাশি এন্ডোমেট্রিওসিসজনিত ব্যথা ব্যবস্থাপনাতেও ওষুধটি ব্যবহারের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রেও একই মাত্রায় প্রতি ১২-১৪ সপ্তাহ অন্তর ত্বকের নিচে একটি ইনজেকশন প্রয়োগ করতে হয়। তবে ব্যবহারের আগে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে মেডোজেন সাবকিউয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারা বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওজিএসবির সাবেক সভাপতি ও বিএমআরসির চেয়ারম্যান

অধ্যাপক সায়েবা আক্তার এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির। অনুষ্ঠানে কি-নোট উপস্থাপন করেন ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের (এফএসএসবি) সেক্রেটারি জেনারেল অধ্যাপক মারুফ সিদ্দিকী। এতে দেশের পাঁচ শতাধিক স্বনামধন্য গাইনোকোলজিস্ট উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ফিরোজা বেগম বলেন, মেডোজেন সাবকিউ ইনজেকশন শুধু বাংলাদেশের নারীদের জন্য নয়, বরং বিশ্বজুড়ে নারীদের জন্য একটি আশীর্বাদস্বরূপ। এর নিরাপদ কার্যকারিতা ও স্ব-প্রয়োগযোগ্য পদ্ধতি নারীদের জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। পাশাপাশি এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা ব্যয়ও প্রায় ৮০-৯০ শতাংশ কমিয়ে আনতে পারে বলে তিনি উল্লেখ করেন।

আবদুল মুক্তাদির বলেন, এটি সাধারণ কোনো ওষুধ নয়; এর পেছনে রয়েছে প্রযুক্তিগত ও চিকিৎসাবিজ্ঞানের নিরলস গবেষণা। বাংলাদেশসহ বিশ্বজুড়ে নারীদের স্বাস্থ্যসেবায় ওষুধটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ফেরদৌসী বেগম, অধ্যাপক রাশিদা বেগম, অধ্যাপক শেহরীন এফ সিদ্দিকা, অধ্যাপক মুশাররাত সুলতানা সুমি, ডা. মঞ্জুর হোসেন, তাবাসসুম পারভীন ও অধ্যাপক নুশরাত মাহমুদসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ওজিএসবির মহাসচিব ডা. এফএম আনামুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. শারমিন অব্বাসী ও ডা. ফারাহ নূর।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology