মাগুরা প্রতিদিন : দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকেরকে পুনরায় তার পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তিন মাসের জন্য তার দলীয় সদস্যপদ স্থগিত করা হয়েছে।
এর আগে একই ধরনের কারণে তাকে একবার অপসারণ করা হয়েছিল—এ নিয়ে দ্বিতীয়বারের মতো পদচ্যুত হলেন তিনি।
দলীয় নির্ভরযোগ্য সূত্র জানায়, কেন্দ্রীয় নির্দেশনার প্রেক্ষিতে জেলা শুরা বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, জেলা জামায়াতের সেক্রেটারি আবু সাইদ আহমেদ বাচ্চুকে ভারপ্রাপ্ত আমির এবং সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমানকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব প্রদান করা হয়েছে।
এমবি বাকের বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে প্রার্থী ছিলেন। পাশাপাশি তিনি শ্রীপুর উপজেলার একটি কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত। তবে সংগঠনের নীতিমালার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কিছু খাতে তার আর্থিক সম্পৃক্ততার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত আমির আবু সাইদ আহমেদ বাচ্চু বলেন, “জামায়াতে ইসলামী সুসংগঠিত নীতিমালার ভিত্তিতে পরিচালিত একটি দল। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে শুরা বৈঠকে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে সাংগঠনিক নীতির কারণে বিষয়টির বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।”