আজ, সোমবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৩৮


মাগুরা পাঁচ শিশুকে দৌলতদিয়া থেকে উদ্ধার

মাগুরা প্রতিদিন : মাগুরা সদর উপজেলার কাদিরাবাদ থেকে ইজিবাইক ভাড়া করে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া পাঁচ শিশুকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর ২টার দিকে তাদের উদ্ধার করা হয়। পরে অভিভাবকদের থানায় ডেকে এনে শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার হওয়া শিশুরা হলো- কাদিরাবাদ এলাকার আনোয়ার ও বিউটি দম্পতির ছেলে মো. হিরোন (১১), সাগর বিশ্বাস ও রোজিনা বেগমের ছেলে জিসান (১৩), নাজমুল ও আঙ্গুরার ছেলে আবুজার (১৩), মো. তরিকুল ইসলাম টিয়া ও মোছা. লতিফা বেগমের ছেলে মো. আব্দুল্লাহ (১৩) এবং আলমগীর বিশ্বাস ও নাজমা বেগমের ছেলে খালিদ বিশ্বাস (১০)।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, পাঁচ শিশু পরস্পরের বন্ধু। সোমবার সকালে তারা পরিবারের কাউকে না জানিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে একটি ইজিবাইক ভাড়া করে কাদিরাবাদ থেকে রওনা দেয়। ইজিবাইকে করে দুপুরের দিকে দৌলতদিয়া বাসস্ট্যান্ডে পৌঁছায় তারা।

এদিকে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময়েও তাদের সন্ধান না পাওয়ায় অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

এদিকে দৌলতদিয়া বাসস্ট্যান্ডে পাঁচ শিশুকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে টহল পুলিশের সদস্যরা তাদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তাদের পরিচয় ও বাড়ির ঠিকানা জানতে পারেন পুলিশ সদস্যরা। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে।

খবর পেয়ে পাঁচ শিশুর বাবা-মা ও অভিভাবকেরা গোয়ালন্দ ঘাট থানায় গিয়ে হাজির হন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পুলিশ শিশুদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে শিশুদের একা কোথাও যেতে না দেওয়ার পাশাপাশি সন্তানদের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology