মাগুরা প্রতিদিন: মাগুরা শহরের ভায়না দক্ষিণপাড়ায় গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে শিবলু মুন্সী (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শিবলু ওই এলাকার মৃত আকবর মুন্সী ওরফে আগা মুন্সীর ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, শিবলু বাসস্ট্যাণ্ডে স্টাটার হিসেবে কাজ করলেও বেশকিছুদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছিল। রাতে সামান্য বিষয় নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য হয়। পরে সোমবার সকাল ১০ টার দিকে সে স্ত্রী, দুই পুত্র এবং বৃদ্ধ মা’কে নিজেদের বসতঘর থেকে জোরপূর্বক বের করে নিজেকে তালাবন্ধি করে রাখে। কিছুক্ষণ পর বদ্ধ ঘরের মধ্যে থাকা গ্যাস সিলিন্ডারের পাইপ কেটে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পর খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও বন্ধ ঘরের মধ্যে আগুনে পুড়ে তার মৃত্যু হয়। এ সময় ঘরের মধ্যে থাকা টিভি, রেফ্রিজারেটারসহ মূল্যবান আসবাবপত্রও পুড়ে বিনষ্ট হয়ে যায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। তবে নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক বিপর্যস্ত এবং হতাশায় ভুগছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।