মাগুরা প্রতিদিন : মাগুরা সদর উপজেলার ভায়না মোড় ও ঢাকা রোড এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কনফেকশনারি, ফলের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
ঢাকা রোডে মেসার্স লিটন ফল ভান্ডারকে ১০ হাজার টাকা, মেসার্স রানা ফল ভান্ডারকে ৩ হাজার, মেসার্স শহিদ ফল ভান্ডারকে ৩ হাজার ও মেসার্স রতন ফল ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, অতিরিক্ত লাভে ফল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে এসব জরিমানা করা হয়।
পরে ভায়না মোড়ের মেসার্স ফুডি চয়েস নামের কনফেকশনারিতে অভিযান চালিয়ে প্রচুর মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করা হয়। ডেটবিহীন কেক বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে আরও ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা মেয়াদোত্তীর্ণ পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ফয়েজুল কবির ও মাগুরা জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল।
অভিযান শেষে ব্যবসায়ীদের আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং ভবিষ্যতে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।