মাগুরা প্রতিদিন: অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য জানতে চাওয়ায় মাগুরায় সাংবাদিক এস এম শিমুল রানাকে অশালীন ভাষায় গালিগালাজ, পা কেটে নেওয়া ও মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী মো. রেজাউল ইসলাম বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার (১৬ সেপ্টেম্বর) মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক মানবকণ্ঠ ও এশিয়ান টিভির মাগুরা জেলা প্রতিনিধি শিমুল রানা।
জিডিতে তিনি উল্লেখ করেন, পেশাগত দায়িত্বের অংশ হিসেবে একটি অভিযোগের বিষয়ে তথ্য ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য জানতে মাগুরায় কর্মরত রেজাউল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। এ সময় তথ্য বা বক্তব্য দেওয়ার পরিবর্তে তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ এবং একপর্যায়ে পা কেটে নেওয়া ও মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়।
ঘটনার একটি অডিও রেকর্ড সাংবাদিকদের কাছে রয়েছে। কয়েকজন সাংবাদিক অডিওটি শুনে গালিগালাজের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানান।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল ইসলাম বলেন, অডিও রেকর্ডটি তাঁরা শুনেছেন। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।