মাগুরা প্রতিদিন : মাগুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ কথিত মাদকসম্রাট শাহীন আলম ওরফে শাহীনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার স্ত্রী সাথী খাতুন (৩৬) ও খালিদ নামে এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে শাহীন আলমের বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে। তার স্ত্রী সাথী খাতুনের বিরুদ্ধেও দুটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।