মাগুরা প্রতিদিন: জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘোষণাকে কেন্দ্র করে রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আনম আয়াশকে হুঁশিয়ারি দিয়েছে গণঅধিকার পরিষদের যুব সংগঠন যুব অধিকার পরিষদ, মাগুরা জেলা শাখা।
বুধবার মাগুরা জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাজিব মোল্লা নিজের ফেসবুক ওয়ালে আনম আয়াশের ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেন। সেখানে তিনি আয়াশকে ‘মাগুরায় এলে দেখে নেওয়ার’ হুমিকি দিয়েছেন।
পোস্টে রাজিব মোল্লা লেখেন, সাকিব আল হাসান স্বৈরাচার ও গণহত্যার সঙ্গে জড়িত থাকলে তার বিচার হবে। তবে মাগুরার অসম্মান মানা হবে না।
পোস্টে আয়াশের উদ্দেশে রাজিব আরও লিখেছেন, ‘ঘোষণা দিয়ে মাগুরায় আসুন।’
অন্যদিকে মাগুরাবাসীকে অসম্মানিত করতে আয়াশের সাথে যুক্ত মাগুরার কতিপয় ব্যক্তির উদ্দেশ্যে তিনি লিখেছেন, আপনাদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের ফুটেজ আমাদের কাছে রয়েছে। সাবধান হয়ে যান।
রাজিব মোল্লা বলেন, মাগুরাবাসী জেলার অসম্মান কোনোভাবেই মেনে নেবে না।