মাগুরা প্রতিদিন ডেস্ক: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মাগুরার কৃতী সন্তান মো. ওবায়দুর রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়। এর পূর্বে তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
মো. ওবায়দুর রহমান ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।
কর্মজীবনের শুরুতে তিনি পটুয়াখালী জেলা প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরে পঞ্চগড়, বাগেরহাট ও নড়াইলে সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ, নেত্রকোনা ও খুলনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বাগেরহাটে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতার কারণে তিনি সাধারণ মানুষের সমস্যা ও প্রশাসনিক বাস্তবতা সম্পর্কে সমৃদ্ধ জ্ঞান অর্জন করেছেন।
এ ছাড়া তিনি ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (LATC)-এ প্রশিক্ষক এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। কর্মজীবনে সুশাসন, স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে তার অবদান উল্লেখযোগ্য।
তিনি দেশের প্রশাসনে মেধাস্বত্ব (ইন্টেলেকচুয়াল প্রপার্টি) বিষয়ে অন্যতম বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরে (DPDT) প্রায় সাত বছর সহকারী রেজিস্ট্রার ও উপ-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশের মেধাস্বত্ব সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তরকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে দেশের আইপি ব্যবস্থাকে সামঞ্জস্যপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মো. ওবায়দুর রহমান।
তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (BIM), বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (BIAM), বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (BITAC), বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত প্রশিক্ষণ ও বক্তৃতা দেন। এছাড়া ঢাকা চেম্বার (DCCI), এফবিসিসিআই (FBCCI) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (BAPI)-এর বিভিন্ন সেমিনার ও কর্মশালায় তিনি বক্তা হিসেবে অংশগ্রহণ করেন।
মাগুরা জেলার সন্তান মো. ওবায়দুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মেধাস্বত্ব, সুশাসনসহ বিভিন্ন বিষয়ে তিনি দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, ভারত, সুইডেন, জাপান, ফ্রান্স, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ সফর করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্রসন্তানের জনক।